লক্ষ্মীপুরের কমলনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব বয়সের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বাড়িসহ তিনটি বাড়ির ১২টি পরিবার লকডাউনে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।
নিহত শিক্ষক উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া হাফিজিয়া মাদরাসা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
ডা. আনোয়ার হোসেন জানান, নিহত ওই শিক্ষক দীর্ঘদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ও ডায়বেটিসে ভুগছিলেন। বুধবার ডায়বেটিসের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শিক্ষকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।
এদিকে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় মৃত ওই শিক্ষকের বাড়িসহ তিনটি বাড়ির ১২টি পরিবার লকডাউনে রাখা হয়েছে।










