হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধে পুলিশের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। এ বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল ‘হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা: প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা। বিশ্বসাহিত্য কেন্দ্রে মতবিনিময় সভাটি আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
মতবিনিময় সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘আমাদের মাঝে মেনে চলার প্রবণতা রয়েছে। ঊর্ধ্বতন কেউ অনৈতিক কিছু করতে বললে আমরা তা করি। সেটা আইনি হোক বা বেআইনি। আমাদের প্রতিনিয়ত মেনে চলার এ প্রবণতা বাদ দিতে হবে। অন্যায়কে না বলার সংস্কৃতি তৈরি করতে হবে।’
বাংলাদেশে বিদ্যমান অন্তত তিনটি আইন—দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, বাংলাদেশ পুলিশ প্রবিধান যুগোপযোগী না হওয়ার কারণে তা সংশোধন প্রয়োজন বলেও মনে করেন জেড আই খান পান্না।
হেফাজতে নির্যাতনের শিকার ভুক্তভোগীর সহায়তার জন্য হটলাইন নম্বর চালু করার কথা বলেন আইনজীবী সারা হোসেন।










