ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ীরা। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে শহরের আজিম শাহ মার্কেট এলাকায় অভিযানে নামেন জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের ক্যাশ খুলে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ ঘটনায় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ করেন। একপর্যায়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা শান্ত হন।

জানা যায়, গতকাল বিকালে লক্ষ্মীপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেএম শোয়াইব রুমীর নেতৃত্বে সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ শাহাদাত হোসেনসহ চার/পাঁচজন সদস্য লক্ষ্মীপুর শহরে অভিযান শুরু করেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হিসাব খাতা, ক্যাশমেমো ও অর্ডার কপি নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোনো কারণ ছাড়াই হঠাৎ ভ্যাট কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে অভিযানের নামে দোকানের ভেতর ঢুকে পড়েন। এ সময় প্রতিষ্ঠানের হিসাব খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান তারা।

এ বিষয়ে জেএম শোয়াইব রুমী বলেন, ‘আমরা কিছু ব্যবসাপ্রতিষ্ঠান থেকে হিসাব খাতা, ক্যাশ মেমো ও অর্ডার কপি নিয়ে আসি। তবে কারো সঙ্গে খারাপ আচারণ করা হয়নি।’