বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৪টার দিকে হাইকমিশনার গুলশানের কার্যালয়ে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

গতকাল সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুসান রাইল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি গতকাল সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।