ঝিনাইদহের কালীগঞ্জে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে একজন মারা গেছেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে মৃতের বাড়িটিও লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি গত ৬ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে না এনে তারা বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলেন।
গতকাল শনিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।










