নারায়ণগঞ্জের ডালপট্টি এলাকায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা মামলা তদন্তের দায়িত্ব থানা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম মামলাটি ডিবিতে হস্তান্তরের নির্দেশ দেন।

মামলা ডিবিতে হস্তান্তরের তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, ঋণগ্রস্ত হওয়ার পর হতাশ যুবক টাকা জোগাড়ের উদ্দেশ্যে ওই ঘটনা ঘটিয়েছেন। তাকে রিমান্ডে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ল্যাপটপ, ফেসবুক আইডিসহ ব্যবহূত ইলেকট্রনিক ডিভাইসগুলো খতিয়ে দেখা হচ্ছে। ১ মার্চ দুপুরে ডালপট্টি এলাকার মাতৃভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে খুন হন গৃহিণী রুমা চক্রবর্তী (৪৬) ও তার কন্যা ঋতু চক্রবর্তী (২২)। এ ঘটনায় ওই ফ্ল্যাট থেকেই আটক করা হয় আল জুবায়ের ওরফে স্বপ্নীল (২৬) নামে এক যুবককে। বুধবার তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।