নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধিন লিলি কেমিক্যাল কোম্পানির টিনসেড কারখানায় মঙ্গলবার আগুনের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা।

আগুনে দগ্ধ শ্রমিকরা হলেন- আকালু, সজিব, বায়জিদ, রোকন, খাদেম, রাসেল, মেহেদি ও রিপন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সোনারগাঁও জোনের উপসহকারী পরিচালক তানহার উল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তানহার জানান, গত রাত ১১টার দিকে প্রবল ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে টিনসেড কারখানাটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি।

তিনি আরো বলেন, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।