আবাসিক হল সংস্কারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা হল থেকে বই ও তোষক বের করে এনে একাডেমিক ভবনে বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরে বেলা দুইটার দিকে কলেজ কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী আব্দুল আল হাসান বলেন, কলেজের আবাসিক ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসগুলোতে শিক্ষার্থীরা মানবেতরভাবে বাস করছেন। ১০ থেকে ১৫ বছর ধরে হলগুলোর সংস্কার করা হচ্ছে না। ভেতরে ছাদ থেকে পানি চুইয়ে পড়ে। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ায় ঘুমাতে পারেন না শিক্ষার্থীরা।

তিনি বলেন, শৌচাগারগুলো ভাঙাচোরা, তার ওপর পানি থাকে না। বারবার কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হলেও তারা তাতে গুরুত্ব দেননা। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন।

অন্যদিকে কলেজের তৃতীয় বর্ষে ছাত্র নাইমুর রহমান বলেন, ছাত্র ও ছাত্রীদের হলে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। রাতে বহিরাগতরা হলের ভেতরে ঢোকে। হলে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, যারা বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা সবাই সাধারণ শিক্ষার্থী। তাদের প্রতি নৈতিক সমর্থন রয়েছে। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, যে হলের কথা বলা হচ্ছে, সেটি প্রায় শত বছরের পুরনো। তাই যেগুলো জরুরি, সেগুলো সংস্কারের চেষ্টা করা হবে। তাদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে। যেগুলো সমাধান সম্ভব, সেগুলো সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।