চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আদালত ও ডবলমুরিং থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি গতকাল জানায় পুলিশ।

পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে (৩৯) গত বৃহস্পতিবার রাতে নগরের জামালখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে একটি মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এ সময় যুবলীগের কয়েকজন কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলের চেষ্টা করেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আদালত প্রাঙ্গণ থেকে আটক ব্যক্তিরা হলেন তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা সবাই কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা।’

অন্যদিকে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝর্ণাপাড়া এলাকায় গলির ভেতর জড়ো হয়ে মিছিল করে চলে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। ওই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।’