লক্ষ্মীপুরে বাস (ইকোনো সার্ভিস) থেকে রিয়াদ হোসেন লিটন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাস থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, লিটন ওই বাসেরই সুপারভাইজার ছিলেন। এ ঘটনায় পুলিশ বাসচালক নাহিদকে আটক করেছে। এখন পর্যন্ত ঘটনার রহস্য জানতে পারেনি। নিহত রিয়াদ হোসেন লিটন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস  রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। বাসে নতুন একজন চালকের সহকারী, সুপারভাইজার লিটন, পুরনো স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন। চালক ও পুরনো স্টাফ তাদের নতুন সহকারী এবং সুপারভাইজারকে বাসে রেখে বাসায় চলে যান। ভোর ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে লিটনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমের মাধ্যমে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে চালকের নতুন সহকারী পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউ।