গরমে অতিরিক্ত তাপমাত্রায় ব্রাহ্মণবাড়িয়া শহরতলির দাড়িয়াপুরে সেই রেললাইন গতকাল সকালে আবারো বেঁকে গেছে। এতে ঢাকামুখী ট্রেনের আপলাইন স্বাভাবিক করার ১৬ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলির দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি পুনরায় বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বেঁকে যাওয়া লাইনটি সচল করার বিষয়ে তিনি বলেন, ‘বাঁকা লাইনে কচুরিপানা দিয়ে শীতল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পাশের নালা থেকে বালতি ও মগ দিয়ে পানি ঢালা হচ্ছে।’










