বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি ও তার স্বামী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতা করা হয়।

মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে ও ফেসবুকভিত্তিক সংগঠন বেস্ট টিমের অ্যাডমিন। শাহানাজ পারভিন মিলি জেলা পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান। তিনি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, বেস্ট টিমের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি গত শুক্রবার কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাসুরা খাতুনকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহ গ্রামের ট্রলিচালক আলমগীর হোসেনের বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে শোকেজ ও আলমারি ভেঙে নগদ টাকা, জমির দলিল, সোনার গহনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে মোস্তাফিজ ও মিলিসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন আলমগীর হোসেন। 

তিনি আরো জানান, এ মামলায় গতকাল রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মোস্তাফিজ ও মিলিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।