দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময়ে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
কুষ্টিয়া: জেলার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন ৫৫ বছর বয়সী ভানুমতি ও ভ্যানচালক কামরুল ইসলাম। গতকাল সকালে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের সদরপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাখিভ্যানের এক্সেল ভেঙে সেটি সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানুমতি মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক কামরুলকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ ও মহেশপুরে পৃথক দুর্ঘটনায় আরো দুজন নিহত হয়েছেন। কালীগঞ্জে রূপসা পরিবহনের একটি বাস মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দেয়। এতে কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ নিহত হন। এ ঘটনায় ইজিবাইকচালক নুর হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মহেশপুরের কুল্লাপাড়া এলাকায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
মুন্সিগঞ্জ: জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. বিল্লাল হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।










