মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াইকে কেন্দ্র করে অনেক দিন ধরেই কক্সবাজার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেও থেমে নেই সীমান্ত দিয়ে চোরকারবারিদের তৎপরতা। রামু মরিচ্যা চেকপোস্টে গতকাল দুই ডজন স্বর্ণের চুড়িসহ চোরাচালান চক্রের এক নারীকে সদস্যকে আটক করা হয়। ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃত নারীর নাম উলায়িং রাখাইন (৩৯)। তিনি কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের চুড়ির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা। 

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি রামু মরিচ্যা চেকপোস্ট থেকে কক্সবাজারে ঢুকতে পারেন। এমন খবরে ওই চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। বেলা ৩টার দিকে একটি সিএনজি তল্লাশিকালে এক যাত্রীর আচরণ সন্দেজনক মনে হওয়ায় তাকে তল্লাশির জন্য নামানো হয়। পরে তার কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। চুড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হচ্ছিল। 

চুড়ি উদ্ধারের পর ওই নারীকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।