ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এ কর্মসূচির ডাক দেয় তারা।

সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এ সময়, সাম্য হত্যায় সন্দেহভাজনদের একজনকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুরের ডাসার উপজেলা শ্রমিক দলের নেতা সম্রাট বলে মিথ্যা গুজব রটনার জবাবে সত্যিকার ডাসার উপজেলা শ্রমিক দলের নেতা সম্রাটকে হাজির করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এদিকে, সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন।