সারা দেশে ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী। যেখানে ২০২১ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮১ হাজার ৬৮৭ জন। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার ১১ হাজার ৩১০ পরীক্ষার্থী কম। সংশ্লিষ্টদের দাবি, করোনা মহামারী ও বাল্যবিবাহসহ নানা কারণেই পরীক্ষার্থী কমেছে।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, ২০২২ সালে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে, তারা ২০২০ সালে নবম শ্রেণীতে লেখাপড়া করত। ওই সময় দেশে করোনা মহামারীর কারণে তারা নিয়মিত স্কুলে যেতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অসচ্ছল পরিবারের মেয়েদের বাল্যবিবাহ হয়েছে। অনেকে ঝরে গেছে। এসব কারণে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গিয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণে বোর্ড সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র। গতকাল তিনি জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮৫ হাজার ৫৯৯ ও ছাত্রী ৮৪ হাজার ৭৭৮ জন। মোট ২৯৩টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ যশোরে ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ পরীক্ষার্থী।
তিনি আরো জানান, খুলনায় ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮ পরীক্ষার্থী। এছাড়া বাগেরহাটের ২৭ কেন্দ্রে ১৪ হাজার ২৮৭ জন, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে ১৯ হাজার ৭০, কুষ্টিয়ার ৩১ কেন্দ্রে ২৪ হাজার ১৫৩, চুয়াডাঙ্গার ১৮ কেন্দ্রে ১১ হাজার ১২২, মেহেরপুরের ১৩ কেন্দ্রে ৭ হাজার ৭২৪, নড়াইলের ১৪ কেন্দ্রে ৮ হাজার ১৯৩, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে ১৯ হাজার ৯০৩ ও মাগুরার ১৭ কেন্দ্রে ১১ হাজার ৮৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এর আগে এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল চলতি বছরের ১৯ জুন। বন্যার কারণে স্থগিত হওয়ার তিন মাস পর আগামী ১৫ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হতে যাচ্ছে।










