সিরাজগঞ্জে তুলার কারখানায় আগুন নেভানোর কাজ করার সময় জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্পসংলগ্ন তুলা কারখানায় এ ঘটনা ঘটে। জহুরুল খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৬৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানায়, নিহত জহুরুল ইসলাম তালুকদার আগুন নেভানোর জন্য পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আগুন লাগার ঘটনায় পুলিশ পাঠানো হয়। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।










