এখনই সচল হচ্ছে না সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। রানওয়ে থেকে পানি নামলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরো সময় নিচ্ছে কর্তৃপক্ষ। আরো কয়েক দিন এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার বিমানবন্দর পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরো বলেন,
আমরা যত
দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করার চেষ্টা করব। তবে পানি না নামলে আমাদের তেমন
কিছু করার নেই। তবে ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
আমরাও ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছি। পানি নামলেই ফ্লাইট চালু করা হবে।
সারা দেশই বন্যায় তলিয়ে গেছে জানিয়ে তিনি
বলেন, পুরো দেশই বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকার ও আওয়ামী লীগ মিলে প্রশাসন ও
সেনাবাহিনীর সহযোগিতায় বন্যাদুর্গতদের জন্য কাজ করছে। এসব দুর্যোগ-দুর্বিপাক সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে।
রানওয়েতে পানি ওঠায় শুক্রবার ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন
করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। রোববার থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার
প্রায় পুরোটাই নেমে গেছে। তবে এখনো তলিয়ে আছে অ্যাপ্রোচ লাইট।
সোমবার পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বলেন,
নিরাপত্তার
স্বার্থে এই বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট চালুর কথা থাকলেও
অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরো কয়েক দিন ফ্লাইট বন্ধ থাকতে পারে।










