ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


ছগির মিয়ার পরিবার জানায়, নদীপাড়ের একটি ইটখোলার পাশে ছগির মিয়াসহ একদল যুবক জুয়ার আসরে বসেন। ওই সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তবে ছগির মিয়া পুলিশের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে নদীতে ঝাঁপ দেন।


পরদিন মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।


নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে, ওই সময় আরো কয়েকজন পালিয়ে গেছেন।


তবে ছগির মিয়ার মৃত্যু কীভাবে হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ওসি বলেছেন, মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।