সিলেটের বিয়ানীবাজারের আলোচিত চাঞ্চল্যকর নজরুল ইসলাম হত্যা মামলায় আব্দুল মুবিন নামে এক যুবকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় অতিরিক্ত আদালত মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২৮ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার লাওতা ইউনিয়নের নন্দিফল গ্রামের রাজমিস্ত্রি খলিল উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে সন্ধ্যার পর মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তখন নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। নিহত নজরুল ইসলামের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ মামলায় পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আব্দুল মুবিন লিমনকে গ্রেফতার করে। আসামি মুবিন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল এ হত্যা মামলার রায় দেয়া হলো।

নিহত নজরুল ইসলামের ভাই হাসান আহমদ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।