যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণবারসহ আশিকুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের চালানটি আটক করেন। আশিকুর শার্শার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, যশোরের শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন এক চোরাকারবারি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে।