নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক এলাকায় অটোরিকশাচালক সিয়াম সরদার (১৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মো. ইয়ামিন (১৯) ও মো. নবী হোসেন (১৮)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে গতকাল বিকালে র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, সিয়াম ১৩ মে তার অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে চারদিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার আলীরটেক তৈলখিয়ার চরে পরিত্যক্ত ইটভাটা থেকে সিয়ামের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন গ্রেফতারকৃত দুজনসহ অজ্ঞাতনামা তিন-চার আসামি সিয়ামের অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করে। এজন্য পূর্বপরিচয়ের জের ধরে মোবাইল ফোনে অটোরিকশাসহ তাকে ডেকে নেয় আসামিরা। সারা দিন অটোরিকশায় ঘোরাঘুরি করে সন্ধ্যায় তাকে ওই পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে কয়েকজন সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে মরদেহটি ইট দিয়ে ঢেকে রাখে এবং অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।










