হাটে তোলার আগেই আলোচনার জন্ম দিয়েছে খুলনার বিশাল আকারের গরু ‘চিতাবাঘ’। গরুটি সাড়ে তিন বছরের লালন-পালনে ৩৫-৩৬ মণ ওজনের হয়েছে। উচ্চতায় ৬ ফুট ও লম্বায় ৯ ফুট। স্বাভাবিক খাবারেই গরুটির লালন-পালন করা হয়েছে। এর মালিক খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কায়নাথ শিকদার গরুটি ১০ লাখ টাকায় বিক্রির লক্ষ্য স্থির করেছেন। এরই মধ্যে সিলেটের গরুর একজন বেপারি এর দাম ৮ লাখ টাকা হেঁকেছেন। খুলনা জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মণ্ডল বলেন, স্বাভাবিকভাবে খড়, কুঁড়ো, ভুষির পাশাপাশি সয়াবিন খৈল খাওয়ালে বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাটেঙ্গার কায়নাথ শিকদারের গরুটি ফ্রিজিয়ান জাতের, যা স্থানীয়ভাবে ক্রস করা হয়েছে। এ জাতের গরু সাধারণত ১২০০-১৩০০ কেজি ওজনের হয়। গরুটির মালিক কায়নাথ শিকদার বলেন, এ ষাঁড়ের বয়স সাড়ে তিন বছর। এটি এখন পর্যন্ত চার দাঁত। এ ধরনের গরু আট দাঁত পর্যন্ত হয়। তার গরুটির বর্তমান ওজন ৩৫-৩৬ মণ। স্বাভাবিকভাবে এ জাতের গরু ২৮-৩০ মনের হতে পারে। তিনি জানান, ক্রেতা এলে ১২-১৩ লাখ টাকা দাম হাঁকছেন। কিন্তু ১০ লাখ পেলে গরুটি বিক্রি করে দেবেন তিনি।