নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাতে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আজ সোমবার বিকালে র্যাব ১১ সিনিয়নর সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, তারা সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় ত্রাস সৃষ্টি করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আসছে। এছাড়া এলাকায় কোনো অপরিচিত লোক এলে অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো ।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-১১ অনুসন্ধানে নামে এবং কিশোর গ্যাং সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে ঘটনার সত্যতা পায়। রোববারের অভিযানে আটক ৬ জনের বয়স ১৬ থেকে ২২ বছর।









