সাতক্ষীরার কলারোয়া উপজেলার পল্লীতে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। আর তিনি নিজে (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর শিশুরা মারা যায়।

স্থানীয় হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, অত্যন্ত নৃসংশ ও বর্বোরচিতভাবে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা চারজনকে গলা কেটে বাইরে থেকে দরজা আটকে দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, আমার জানা মতে নিহত শাহীনুরের পরিবার খুবই নিরীহ। যারাই এই নির্মম হত্যাকান্ডটি ঘটিয়েছে দ্রুত তাদের গ্রেফতার দাবি জানাই।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহকর্তাসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থ পৌঁছায়। এই নির্মম হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে হত্যাকান্ডের ক্লু দ্রত উদ্ধার হবে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি।