ফেসবুক স্ট্যাটাসের জেরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকালে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হূদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। এ শিক্ষার্থী যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারী।
রেজিস্ট্রারের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘটিত মারামারির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ত্রধারী দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত চলাকালে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টকে ওই শিক্ষার্থীদের হলে প্রবেশ ও অবস্থান না করতে দেয়ার ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে। তবে গঠিত কমিটির তদন্তকাজে সহায়তা করার জন্য তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। যবিপ্রবি রেজিস্ট্রারের সই করা আরেকটি অফিস আদেশে ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠনের কথা জানানো হয়। তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন ও সদস্য সচিব প্রক্টর ড. হাসান মো. আল-ইমরান। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।










