লক্ষ্মীপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ওই ব্যাংকের ভল্ট ভেঙে নগদ টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালপত্র নিয়ে যায় বলে দাবি সংশ্লিষ্টদের। গতকাল ভোর রাতে সদর উপজেলার কালিবাজারে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে লেনদেন শেষে ব্যাংকটির এজেন্ট শাখা বন্ধ করে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকালে ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করতে এজেন্ট শাখা ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলতে যান কর্মচারী হারুন উর রশিদ। এ সময় নিজেদের তালার পরিবর্তে নতুন তালা ঝুলতে দেখে শাখার কর্মকর্তাদের জানান তিনি। পরে ব্যাংকটির লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক, কালিবাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে  কলাপসিবল গেটের তালা কেটে দ্বিতীয় তলার এজেন্ট শাখায় প্রবেশ করে দেখেন, তালা ও ভল্ট ভাঙা। চুরি হয়ে গেছে নগদ টাকা ও সিসি ক্যামেরার যন্ত্রাংশ।

লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত মো. মমিনুল হক বলেন, ‘চুরির ঘটনাটি স্থানীয়ভাবে শুনেছি। তবে ব্যাংক কর্তৃপক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’