নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্থানীয় এক মাদ্রাসার ওয়াজ মাহফিলে পূর্বশত্রুতার জের ধরে ছোট বিনাইরচর গ্রামের এক বাকপ্রতিবন্ধী ছেলেকে উজান গোপিন্দী গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে গত দুই দিন ধরে ছোট বিনাইরচর ও উজান গোপিন্দী গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মিথুন কাজী স্মার্ট কার্ড আনার জন্য উজান গোপিন্দী উচ্চবিদ্যালয়ে গেলে সেখানে তাকে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের কারণে ভুলতা-বিশনন্দী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড গুলি ছোড়ে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।