কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় ও বালুর মাঠ ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।
নিহতরা হলেন উখিয়ার কুতুপালংয়ের বালুরমাঠ ক্যাম্পের সাকিবুল হাসান ওরফে সানাউল্লাহ (৩৩) ও ইরানী পাহাড় ক্যাম্পের আহমেদ হোসেন (৩৬)। তারা দুজনই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে দাবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, গতকাল ভোরে উখিয়ার ইরানী পাহাড় ও বালুর মাঠ ক্যাম্পে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সানাউল্লাহ ও আহমেদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গত কয়েক মাস ধরে ক্যাম্পে সক্রিয় রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গেই সংঘর্ষে প্রাণ গেছে অর্ধশতাধিক আরসা সদস্যের। এবারো তাদের হামলায় সানাউল্লাহ ও আহমেদ হোসেনের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা।










