গেল আগস্ট মাসে সাউথইস্ট ইউনিভার্সিটি সফর করেছে ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাসের দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইউরোপের এই দুটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বৃদ্ধি করাই এ সফরগুলোর মূল উদ্দেশ্য।
গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কাউন্সিলর ওলে রোসেনবর্গ জাস্টেসেন ও সাসটেইনেবল প্রোডাকশন বিষয়ক সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার।
বাংলাদেশের কৃষি, জলবায়ু, পরিবেশ ও শ্রম সম্পর্কিত বিশাল ডেটা সম্পদের সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন তারা। সেইসঙ্গে এ খাতগুলোতে গবেষণাভিত্তিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়। এছাড়া, ডেনমার্কে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও তহবিল প্রাপ্তির সম্ভাবনাও তুলে ধরেন।
পরবর্তীতে, ২৬ আগস্ট (মঙ্গলবার) সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী।
এসময় অতিথিরা সুইস গভ. এক্সেলেন্স স্কলারশিপ কর্মসূচির ওপর আলোকপাত করেন, যা পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষকদের জন্য সুইস সরকারের একটি বিশেষ উদ্যোগ। এছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ও সুইস বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ বৈঠকগুলোর মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও কমিউনিটি উন্নয়নকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি, যুব নেতৃত্ব ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করা হয়। -বিজ্ঞপ্তি










