ব্রাহ্মণবাড়িয়ায় ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর জন্য বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শহরের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এর আয়োজন করে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। অপারেশন পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক সহযোগী অধ্যাপক ডা. শরীফ হাসান।
আয়োজকরা জানান, আগামী তিন মাসে দেড় শতাধিক ঠোঁট ও তালুকাটা রোগীকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা দিতে চান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাইদ। উপস্থিত ছিলেন শিশুবিশেষজ্ঞ ডা. মনির হোসেন, রোটারি ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহজাদা, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সাধারণ সম্পাদক জুয়েল রহমান প্রমুখ।









