নাটোরে পুকুরের পানিতে ডুবে তামিম (১২) ও ফাহিম (১৩) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। পরিবারের অজান্তে পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গাজীপুরের শ্রীপুরে বানার নদীতে গোসলে নেমে সুবর্ণা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম আক্তার নামে অন্য এক কিশোরী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টার দিকে সুবর্ণার মরদেহ উদ্ধার করলেও মীমকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
অন্যদিকে নেত্রকোনার পূর্বধলায় বাবর আজম (৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় শিশুটি। পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, বর্ষার এ সময়ে শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।










