নারায়ণগঞ্জ কর অঞ্চল থেকে চলতি অর্থবছরে (২০১৯-২০) ৮০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্য আদায়ে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর কমিশনার মো. নাজমুল করিম।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. নাজমুল করিম জানান, গত অর্থবছরে (২০১৮-১৯) এ অঞ্চলে রাজস্ব আহরণ হয়েছে ৫৭৩ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আহরণ হয়েছে ১৩৯ কোটি ৫০ লাখ টাকা।

তিনি জানান, নারায়ণগঞ্জে চলমান চার দিনব্যাপী আয়কর মেলায় গত তিনদিনে রাজস্ব আহরণ হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকা। মেলায় এসে আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রায় সাত হাজার আয়করদাতা।

কর কমিশনার আরো বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকাসহ জেলায় মোট ২২টি সার্কেলে রাজস্ব আদায় করা হচ্ছে। ব্যবসায়ী বা করদাতাদের হয়রানি নয়, তাদের স্বেচ্ছায় করদানে উদ্বুদ্ধকরণে নারায়ণগঞ্জ কর সার্কেলের পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।