পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে উপভোগ করতে দেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার বৃহত্তম নৌবন্দর বালাসীঘাটের দুই পাড়ে ঢল নেমেছে পর্যটকদের। গাইবান্ধার ছাড়াও রংপুর, বগুড়া, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে এ ঘাটে। এ উপলক্ষে বালাসীঘাটে বিভিন্ন রকমের পণ্যের মেলা বসেছে।
আজ রোববার (২৩ এপ্রিল) বিকালে সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঈদের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ পরিবার-পরিজন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। অনেকেই বালাসীঘাট ও ব্রহ্মপুত্র নদকে এক নজর দেখতে এসেছেন। আবার কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। ছোট ডিঙি নৌকায় চড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
কেউ কেউ আবার নদীর চরগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। এছাড়াও বালাসীঘাটে ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি চুরি-ফিতা ও বেলুনসহ বিভিন্ন রকমারির দোকান বসেছে। সব দোকানেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।









