ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় ৬৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ ৬৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাই আসাদ শিকদারকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ হাবিবুল নামে একজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বুধবার রাতে ফুরসন্দি ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শিকদারের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্মীপুর গ্রামের দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। রাতেই টিকারী বাজারে পাল্টা হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর শহিদুল ইসলাম শিকদারের নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। বৃহস্পতিবার সকালে ফুরসিন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহমুদুল হক পলাশ মুন্সির (৩০) মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পলাশ মুন্সি আবার নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম শিকদারে সমর্থক ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।