বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা শহীদ, আহত, নিখোঁজ ও পঙ্গুদের পরিবারকে রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ ও ভাতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে গত ১৬ বছরে জীবন দেয়া শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন।
মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগের শাসনামলে ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ৪৫ হাজার মামলা দায়ের করা হয়েছে। তিনি গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের অনেক নির্যাতন, দমন ও নিপীড়ন করা হয়েছে। আমাদের প্রায় সাত শতাধিক ভাই-বোন নিখোঁজ হয়েছেন। আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে। মানুষ মনে করে আমরা এরই মধ্যে স্বাধীন হয়েছি, বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। এখনো ষড়যন্ত্রকারীরা সর্বত্র নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা করছে। আমরা ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই-সংগ্রাম করেছি। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য রক্ষা করা।’










