বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফলে জাতীয় নির্বাচনের তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে এ মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের আহ্বানও জানায় গণসংহতি আন্দোলন।
নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ নির্বাচনের মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের জাতীয় কর্তব্য। তাই এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সব অংশীদারকে নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।










