সীমান্ত থেকে আটক অস্ত্রধারী ২৩ মিয়ানমার নাগরিককে কারাগারে প্রেরণের
আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উখিয়া থানা হতে কক্সবাজার আদালতে আনা
হয় আটককৃতদের। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা সাত্তারের
আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
আটককৃতদের প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ‘বাংলাদেশে
অবস্থিত শরণার্থী শিবিরের তালিকাভুক্ত এ রোহিঙ্গারা কী কারণে, কীভাবে মিয়ানমারে গিয়েছিলেন
তা জানার চেষ্টা চলছে।’
তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতে সীমান্ত দিয়ে এ অস্ত্রধারী রোহিঙ্গারা
অনুপ্রবেশের পর স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। পরে
শুক্রবার দুপুরে উখিয়া থানায় বিজিবির এক সদস্য বাদী হয়ে ওই রোহিঙ্গাদের আসামি করে মামলা
করেন এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা বলছেন, পালিয়ে আসা এ ব্যক্তিরা আরাকান রোহিঙ্গা আর্মির
(এআরএ) সদস্য। সশস্ত্র এই বিচ্ছিন্নতাবাদী দলটির প্রধান নবী হোসেন।
বিজিবির তথ্য বলছে, এই নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারসহ
নানা অপরাধের হোতা, যাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা আছে।










