গত দুই দিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ার আলমের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। এলাকাবাসী তৎক্ষণাৎ ধসে যাওয়া বাড়ির দেয়াল সরিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ওই সময় সেখান থেকে পরিবারের অন্য সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার কাজ চলছে।