সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলার ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। হত্যাকাণ্ডের দীর্ঘ একযুগ পর আজ সোমবার সকাল ১১টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা বাজার এলাকার দুর্লভপুর গ্রামের হানিফ মিয়ার পুত্র বর্তমানে নগরীর ইলাশকান্দি আলতু মিয়ার কলোনীর বাসিন্দা সাদ্দাম হোসেন উরফে টাইগার সাদ্দাম (২২), জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের পুত্র মো. কাশেম আলী (২২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার আমতলী গ্রামের রাজন মিয়ার পুত্র বর্তমানে শাহপরান থানার টুলটিকর এলাকার বাসিন্দা সুমন (২২), নগরীর আরামবাগ ১৩ নং বাসার সিরাজ মিয়ার পুত্র স্বপন মিয়া (২৫), কিশোরগঞ্জ সদর থানার নগুয়া গ্রামের আজিজুর রহমান উরফে আব্দুল আজিজের পুত্র বর্তমানে শাহপরান থানার বটেরতল বাবু মিয়ার কলোনীর বাসিন্দা মো. ফয়ছল আহমদ রাসেল (২৩) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার (গণকা) জাহান নুরের পুত্র বর্তমানে উত্তর বালুচরের বাসিন্দা শাহ আলম (২৪)।

আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে আসামি মো. কাশেম আলী (২২) ছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক ছিলেন।

২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ্ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা কোতোয়ালি।

সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর পিপি অ্যাডভোকেট মো. মফুর আলী বলেন, সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। সিলেটে এ ধরণের একজন সাংবাদিককে হত্যা করে আসামিরা যাতে পার পেতে না পারে সেজন্য রাষ্ট্রপক্ষ তৎপর ছিলো। আদালত ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।