বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তিতে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় বক্তারা জানান, তারা প্রায় দু’বছর ধরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ভেঙে পড়েছে। তাই আগের মতোই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। 

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবেন বলেও দাবি করেন তারা। এজন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানান তারা।