ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে উপজেলা মোড়ের ডা. সন্তোষ দাসের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, মার্কেটটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি রয়েছে। আগুনে সেখানকার গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুড়ে গেছে। এছাড়া মার্কেটের একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিকসের দোকান, দুটি মুদি ও একটি কনফেকশনারির দোকান এবং একটি নতুন অটোরিকশা পুড়ে যায়। এছাড়া আগুনে আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ জানান, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’