নারায়ণগঞ্জে নদী দূষণকারী দুটি শিল্প-কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ঢাকেশ্বরী এলাকার আবির ডাইং ও ফতুল্লার হাজীগঞ্জের আর আর ওয়াশিং প্লান্ট নামের দুটি কারখানায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পুলিশ, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের  টিম এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম এ অভিযান চালায়। গতকাল সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।