যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা এ হামলা, ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনা ঘটেছে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানের বাসভবনে। শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে আড়াইটা পর্যন্ত এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি স্প্রাইট, সেভেনআপ ও কোকা-কোলার বোতলও ব্যবহার করা হয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্ত বাসভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্ত্রাসীরা একটি সিলভার কালারের মাইক্রোবাস, চার-পাঁচটি প্রাইভেট কার এবং ১০টির অধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। যার মধ্যে একটি সাদা এবং একটি কালো রঙের প্রাইভেট কার ছিল। উঠতি বয়সী সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা মুখে কাপড় বেঁধে এ হামলা শুরু করে।

সন্ত্রাসীরা প্রথমে রাত দেড়টার পর ঘোপপিলু খান সড়কে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে হামলা করেছে। গেটের বাইরে থেকে সন্ত্রাসীরা বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপ করে। বাসার জানালার গ্লাসসহ বাসভবনে ব্যাপক ভাংচুর চালিয়েছে। গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টায় চালায়। পরে ব্যর্থ হয়ে হামলাকারীরা অনবরত ইটপাটকেলের সঙ্গে স্প্রাইট, সেভেনআপ, কোকাকোলার বোতল ছুড়তে থাকে। তাদের ছোড়া ইটপাটকেল ও  ভাঙা কাচের বোতলের টুকরোয় বাসভবনের আঙিনা ভরে যায়। এতে পাশের বাড়ির বেলকনিতে লাগানো এসিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেশকিছু সময় ধরে সন্ত্রাসীরা উপশহর বি ব্লকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাসভবনে হামলা চালায়। সন্ত্রাসীরা গেটের বাইরে থেকে ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে বাসার জানালা গ্লাস ভেঙে ফেলে। সেখান থেকে উপশহরের ডি ব্লকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁনের বাসভবনে গিয়ে হামলা চালায়। তার বাসার সামনে রাখা মাইক্রোবাস ভাংচুর করেছে। গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

সবশেষে সন্ত্রাসীরা ধর্মতলা মোড়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের বাসভবনে গিয়ে হামলা চালায়। সেখানেও ইটপাটকেল ছুড়ে জানালার কাঁচ ভাংচুর ও বৈদ্যুতিক মিটার বক্স ভেঙে ফেলে তারা। বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।