ঢাকার কামরাঙ্গীরচর থানার আলীনগর খালপাড় ঘোড়াখাল মোড় এলাকা থেকে মো. বিন ইয়ামিন ওরফে ইসলাম-ই জীবন (২২) নামে তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলাবাহিনীর এই সংস্থাটি বলছে, গ্রেফতারকৃত তরুণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সক্রীয় সদস্য।

গতকাল বুধবার রাত সোয়া ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন সদর দফতরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত বিন ইয়ামিন ঢাকার ভাটারার থানার খিলবাড়ির টেক এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ দুটি স্মার্ট ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতাকৃত বিন ইয়ামিন অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং জেএমবিতে যোগ দেন। পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপসমূহে অন্তর্ভুক্ত হয়ে জিহাদী কর্মকান্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেয়া শুরু করেন।

তিনি অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যেমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকান্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করা ও বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছিলেন।