নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ১৫ শ্রমিক আহত হন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল সকাল থেকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুনতং অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নেবেন না বলে অনড় থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১৫ শ্রমিক আহত হন।
শ্রমিকরা জানান, আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) গত বছরের ১০ আগস্ট দুদিনের ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ করে দেয়। তারপর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্ধ হওয়ার পরও শ্রমিকদের ভাতা পরিশোধ করে আসছিল মালিকপক্ষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও গার্মেন্টস কর্তৃপক্ষ ১২ জানুয়ারি বেতন দেয়ার ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকরা এ ঘোষণা মেনে নেননি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, কারখানাটির মালিকপক্ষ লেঅফ (বন্ধ) ঘোষণা করেছে। এজন্য বিক্ষুব্ধ শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও শিল্প পুলিশের কর্মকর্তারা যৌথভাবে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ার পরও শ্রমিকরা রাস্তা ছাড়েননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।










