লক্ষ্মীপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি পরিত্যক্ত স্থান থেকে জিহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে শাকচর ইউনিয়নের কাছারি বাড়ি এলাকার একটি পরিত্যক্ত সীমানা প্রচীরের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শিশু জিহাদ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে জিহাদের সন্ধান চেয়ে মাইকিংও করা হয়েছে। নিহত জিহাদ শাকচর গ্রামের নুরুল হুদা চৌধুরী বাড়ির রিকশাচালক জিয়া উদ্দিনের ছোট ছেলে।

পরিবার ও স্বজনরা জানান, শিশু জিহাদ গতকাল বিকেল ৫টার দিকে বাড়ি থেকে একটি রিকশার টায়ার হাতে নিয়ে খেলতে বের হয়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে রাতে জিহাদের সন্ধান চেয়ে মাইকিং করা হয়।

আজ সকালে এক নারী ওই পরিত্যক্ত সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় জিহাদের মরদেহ দেখে পরিবারকে খবর দেয়। পরিবারে পক্ষ থেকে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

স্বজনদের দাবি, দুষ্কৃতিকারীরা জিহাদকে হত্যা করে ফেলে যায়। পুলিশ প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান স্বজনরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।