নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আজিজুল হক, তার ছেলে রাকিব ও ভাতিজা আরিফুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আসাদ ওরফে আসাদুল্লাহ (২৫) নামে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার রাতে উপজেলা হাইজাদী ইউনিয়নের মাধবদী কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আড়াইহাজার থানায় দুটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে উপজেলার গুরুবদী এলাকার আজিজুল হক (৪৬), তার ছেলে রাকিব (১৭) ও ভাতিজা আরিফুল ইসলাম সোনারগাঁ এলাকায় গ্যাস বেলুন বিক্রি করে মোটরসাইকেলে আড়াইহাজারের বাড়িতে ফিরছিলেন। এ সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী কান্দাপাড়া এলাকায় পাকা সড়কে এলে তিন ছিনতাইকারী সড়কে কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাদের তিনজনকে কুপিয়ে ২ হাজার ৪০০ টাকা ও তিনটি সেলফোন লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক-চিত্কারে আশপাশের কয়েকশ লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে উত্তেজিত জনতা উপজেলার মাধবদী সিন্দি বিলে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে বিষ্ণাদী গ্রামের রমার কচুরিপানা ভর্তি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আজিজুল হক, তার ছেলে রাকিব ও আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাকিব ও আরিফুলের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় আহত আজিজুল হক বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।