সিরাজগঞ্জে নজরুল ইসলাম (৪১) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন নজরুল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, নিহতের বুকের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।










