লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে তৃতীয়বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক লুত্ফুর রহমান। ৪০ হাজার ৮০৪ ভোট (৫৪ দশমিক ৯ শতাংশ) পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগ্সকে হারিয়ে তিনি বিজয় নিশ্চিত করেছেন। দুবারের মেয়র জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট (৪৫ দশমিক ১ শতাংশ)। লুত্ফুর রহমানের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় ফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রথম প্রিফারেন্সে লুত্ফুর রহমান ৩৯ হাজার ৫৩৩ ভোট (৪৭ শতাংশ) আর জন বিগস ২৭ হাজার ৮৯৪ ভোট (৩৩ দশমিক ২ শতাংশ) লাভ করেন। ১১ হাজার ৬৩৯ ভোটে লুত্ফুর রহমান এগিয়ে ছিলেন। কিন্তু ব্রিটেনের নিয়মানুযায়ী এককভাবে ৫১ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় প্রিফারেন্সের ভোট গণনা করতে হয়।
দ্বিতীয় পছন্দে লুত্ফুর রহমান পেয়েছেন ১ হাজার ২৭১ ভোট আর জন বিগস ৫ হাজার ৫৯৩ ভোট। এতে লুত্ফুর রহমানের মোট প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ৪০ হাজার ৮০৪ এবং জন বিগস পেয়েছেন মোট ৩৩ হাজার ৪৮৭ ভোট। অর্থাৎ লুত্ফুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৬ হাজার ৪৩০ ভোট পেয়ে লিবডেমের রাবিনা খান তৃতীয় এবং ৪ হাজার ২৬৯ ভোট পেয়ে কনজারভেটিভ পার্টির এলিয়ট উইভার চতুর্থ হয়েছেন।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সর্বত্র স্থানীয় নির্বাচন হলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচন। ২০১৫ সালে বিশেষ ইলেকটোরাল কোর্টের রায়ে লুত্ফুর রহমান পদচ্যুত হন। তখনো তিনি নির্বাহী মেয়র ছিলেন। তবে আইনের বাধ্যবাধকতায় পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তিনি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১০ সালের ২১ অক্টোবরের নির্বাচনে বিজয়ের মধ্যে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নির্বাচিত নির্বাহী মেয়র হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখান লুত্ফুর রহমান। ব্রিটেনে ১৩ জন নির্বাচিত মেয়রের মধ্যে তিনি ছিলেন একমাত্র অশ্বেতাঙ্গ এবং প্রথম মুসলিম মেয়র। অন্য সবাই শ্বেতাঙ্গ।
নির্বাচিত মেয়র লুত্ফুর রহমান বলেন, কাউন্সিলে জনগণ আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাদের কাছে আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেল। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।










